কোন ঘরে জায়গা নেই, তুমি আমাকে
বসতে বললে সিড়িতে
আঁচল দিয়ে ধুলো মুছতে যাচ্ছিলে, আমি বললাম, থাক!
আমার মুখের ঘাম মোছার ইচ্ছে ছিল ঐ আচলে
কিন্তু সেটা ছড়িয়ে রইল মাঝখানে প্রবাদের খড়গের মতন
তার উপর দিয়ে উড়ে যায় স্পর্শকাতর বাতাস ।
সিড়ির নিস্তব্ধতা ভেঙে যখন তখন জেগে উঠে পদশব্দ
আমি সংকুচিত হয়ে বসি, ইচ্ছাশক্তিতে কোন মানুষ
অদৃশ্য হতে পারেনা !
অচেনা দৃষ্টিগুলি আমার শরীরে বেঁধে, নীরা, তুমি হেসে ওঠো
তোমার বিমূর্ত হাসিতে সিড়ি হইয়ে যায় জলপ্রপাতের কিনারা
যীখানে ঝুকে আছে স্নেহময় বৃক্ষ,
জলে খেলা করে পাতার ছায়া
নব ভ্রুপল্লব, নব বেদনাময় আহবান!
তোমার নরম স্থিতি থেকে আমার বাসনা অনেক দূরে
তবু সিড়ির উপরে বহুদিনের বিচ্ছেদ বেদনা ধুলো হয়ে গেল ।