কারণ, তোমার ইচ্ছেটা বড় প্রয়োজন

ভাবছি পাথর নিয়ে কিছু কাজ করবো –
পাথর গলিয়ে কাদা
আর কাদা করতে পারলেই ইচ্ছে মত শিল্প;
তোমাকে জানিয়ে রাখলাম
কারণ, তোমার ইচ্ছেটা বড় প্রয়োজন।

ভাবছি আঁধার নিয়েও কিছু রাত কাটাবো –
আঁধার ধরতে পারলে
পরিয়ে দেব আলোর ফ্রক
ফ্রকপরা আঁধার নেচে উঠবে নীল জোৎস্নায়;
তোমাকে জানিয়ে রাখলাম
কারণ, তোমার ইচ্ছেটা বড় প্রয়োজন।

ভাবছি নদীতে কিছুদিন সাঁতার শিখবো –
সাঁতার কাটতে পারলে
ওপারে যাওয়া যাবে
নদী ধরে যাওয়াও যাবে মোহনার সাগরে;
তোমাকে জানিয়ে রাখলাম
কারণ, তোমার ইচ্ছেটা বড় প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *