দুঃখ

একসময় আমি দুঃখের কথা দুঃখের সুরে বলতাম
তখন দুঃখকে চিনতামনা
কিংবা দুঃখ ছিলনা তখন, আকস্মিক
বৃষ্টিতে দুলত বিষাদের পাতলা পর্দা
পৌণে তিনশো মাইল দূরে ছুটে গেছে দীর্ঘশ্বাস
অসংখ্য নীলখাম জঠরে নিয়ে গেছে
দুপুরবেলার অভিমান
ছেড়া চটি পায়ে দিনরাত ঘুরে ঘুরে ,
সঙ্গে বহন করতাম খালি প্যাকেটের মতন
খুনখারাপ
হীরন্ময় ভোরবেলাগুলি গায়ে লেগে থাকত
হৃদয়-শোণিত
সুখী ছিলাম, সুখী ছিলাম, ভীষণ সুখী ছিলামনা?
এখন কেউ এসে দেখুক
আমার পরিচ্ছন্ন মুখ, আমার মসৃণ জীবনযাপন
চায়ের কাপের পাশে সিগারেট সমৃদ্ধ হাত
নিশীথ যুবনিকা তছনছ করা সৌখিন দাপাদাপি
যে-কেউ দেখে ভাববে আমি দুঃখকে চিনিইনা……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *