ইচ্ছে

কাচের চুড়ি ভাঙ্গার মতন মাঝে মাঝেই ইচ্ছে হয়,
দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি
পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট
যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি
কাচের চুড়ি ভাঙ্গার মতোই ইচ্ছে করে অবহেলায়
ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি।
ইচ্ছে করে দুপুরে রোদে ব্ল্যাক আউটে হুকুম দেবার
ইচ্ছে করে বিবৃতি দেই ভাওতা মেরে জনসেবার
ইচ্ছে করে ভাওতাবাজ নেতার মুখে চুনকালি দেই।
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে
ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি মুর্গীহাটায়
বেলুন কিনি বেলুন ফাটাই, কাচের চুড়ি দেখলে ভাঙ্গি
ইচ্ছে করে লন্ডভন্ড করি এবার পৃথিবীটাকে
মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি
আমার কিছু ভাল্লাগেনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *