এই যে বাইরে হু হু করা ঝড়, এর চেয়ে বেশি
বুকের মধ্যে আছে
কৈশোরজুড়ে বৃষ্টিবিলাস, আকাশে থাকুক যত মেঘ,
যত ক্ষণিকা
মেঘ উড়ে যায়
আকাশ ওড়েনা
আকাশের দিকে
উঠছে নতুন সিড়ি
আমার দু বাহু একলা মাঠের জারুলের ডালপালা
কাচ ফেলা নদী, যেন ভালোবাসা
ভালোবাসবার মতো ভালোবাসা-
দু’দিকের পার ভেঙে
নারীরা সবাই ফুলের মতন, বাতাসে ওড়ায়
যখন তখন
রঙ্গিন পাপড়ি
বাতাস তা জানে, নারীকে উড়াল দিয়ে নিয়ে যায়
তাই আমি আর প্রকৃতি দেখি না,
প্রকৃতি আমার চোখ নিয়ে চলে গেছে !