রাগী লোকেরা কবিতা লিখতে পারেনা
তারা বড্ড চ্যাঁচায়
গহন সংসারের ম্লান ছায়ায় রাগী লোকেরা অত্যন্ত নিঃসঙ্গ
তারা নিজের কন্ঠস্বর শুনতে ভালোবাসে।
পাহাড়ের পায়ের কাছে লুটিয়ে পড়া জলপ্রপাতের কাছে
আমি একজন রাগী লোককে দেখেছিলাম
তার বাঁকা ভুরু ও উদ্ধত ভঙ্গিমার মধ্যেও কি অসহায়
একজন মানুষ–
নদীর গতিপথ কেন খালের মতো সরল নয়
এ নিয়ে লোকটা খুব রাগারাগি করছিল!
হাতে এক গোছা চাবি
তবু তালা খোলার বদলে সে পৃথিবীর সব
দরজা ভেঙে ফেলতে চায়-
ঐ লোকটি কোনদিন কবিতা লিখতে পারবেনা
এই ভেবে আমার কষ্ট হচ্ছিল খুব!
পাহাড় ও জলপ্রপাতের পাশে সেই
বিশাল সুমহান প্রকৃতির মধ্যে
বাজে পোড়া শুকনো গাছের মতন দাঁড়িয়ে রইলো
একজন রাগী মানুষ।