মায়াসুন্দর

ফণা তোলা সাপের মতন এমন বিচিত্র সুন্দর আর কি আছে
অথচ তা পাখির মতন সুন্দর না !
তারপর সাপ চুপি চুপি ছোবল মারে পাখির বাসায়
রাত্রিতে গড়িয়ে পড়ে কান্না
সুন্দরের মধ্যে প্রচন্ড নিষ্ঠুরতা হা-হা করে
অসহায় পাখি মা একটু দূরে ডানা ঝাপটায়
তার ঠোটে ধরা তখনও একটি প্রজাপতি
পুরো দৃশ্যটি ঝলসে ওঠে যুবতী জ্যোৎস্নায়
অপরূপ দেবদারু গাছটি আরও সুন্দর হয়ে ওঠে
কেননা তার নীচে অপেক্ষমান এক নারী
যে মায়া দর্পনকে প্রশ্ন করেছিলো,
বল তো, আমার চেয়ে অসুখী আর কে আছে
সে জানে তার জন্য আর কেউ আসবেনা
এই অপরূপ মায়ার সন্নিধানে
বিচ্ছেদ আরও মধুর যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *