যে-যাই বলুক, আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে
সন্ধেবেলায় নীলচে আলোয় পথ ঘুরে যায় মোমিনপুরে
আমি তখন কোন প্রবাসে, বেঁচে থাকার থেকেও দূরে
ঘুরে মরবো ! নরম হাত
ঠোঁট ছোঁবে না, চোখ ছোঁবে না ?
যে-যাই বলুক , আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে।
মধ্য নিশীথ আমায় ডেকে দেখিয়েছিল হাস্নুহেনা
সকালবেলার রোদে আমার
শিশুকালের স্নেহ মমতা
হাওয়ায় ওড়ে । শুন্য বনে
বলেছিলাম গোপন কথা
কেউ শোনেনি, তবু আমার স্বপ্ন ঘোরে আলোক মেঘে
যে যাই বলুক, আমার ভীষণ
বেঁচে থাকতে ইচ্ছে করে ।
কে জালে আগুন, কে ছুটে যায় ক্রুদ্ধ বেগে !
কে রসাতল জাগাতে চায়,
কার নিশ্বাস ছুরি ঝলকায় ?
তুমিও ভালোবেসেছিলে না ? তবুও কেন মরণ খেলায়
এত আনন্দ ! সত্যি বলো তো, এখন আর বাঁচতে চাও না ?
যে-যাই বলুক , আমার ভীষণ বেঁচে থাকতে ইচ্ছে করে।